প্রিন্ট এর তারিখঃ Jun 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2026 ইং
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ হারালেন তরুণ

পারভেজ বাঙালী।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ ইয়াছিন আরাফাত আকাশ (১৯) নামের এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা সংলগ্ন দক্ষিণ বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আফসার।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকামুখী লেনে দ্রুতগতিতে ধেয়ে আসা 'সিডিএম পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আকাশ গুরুতর আঘাত পেয়ে রাস্তায় ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তরুণ চালককে উদ্ধার করেন। তাকে তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পর সংশ্লিষ্ট বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪